এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আজ সভায় বসছেন বোর্ড চেয়ারম্যানরা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সভায় বসছেন বোর্ড চেয়ারম্যানরা। এতে প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী ফলাফল প্রকাশের তারিখ জানাবে মন্ত্রণালয়। ১৮ অক্টোবরের মধ্যেই ফলাফলের সবকিছু সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৮ অক্টোবর) একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ফলাফল নিয়ে পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে আমাদের সভা সভা হবে। আমাদের অবস্থান মন্ত্রণালয়কে জানাব। পরে মন্ত্রণালয় তাদের অবস্থান জানাবে। এইচএসসির ফলাফল নিয়ে ১৮ অক্টোবরের আগেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে।’
এর আগে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার মন্ত্রণালয়ে শিক্ষা সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ না হলেও ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড চেয়ারম্যানদের। বোর্ড চেয়ারম্যানরা ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।


আপনার মতামত লিখুন