বিশ্বনাথে মাদ্রাসা শিক্ষক ছাদিকের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ ছাদিকুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ২৪শে সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটেছে। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলাধীন ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ও বরইকান্দি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম ও এলাকার শালিস ব্যক্তিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান হবিবুল ইসলাম বলেন, মাওলানা ছাদিকুর রহমান আমাদের এলাকার একজন সম্মানিত ও সুশিক্ষিত সুনাগরিক। এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুশৃঙ্খলা বজায় রাখার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তার পরিবার এই এলাকায় শান্তিপ্রিয় ও সম্মানিত। হামলার সময় বাড়িতে নারী ও শিশু ছাড়া কেউ ছিলেন না। তাই আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং তদন্তসাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
মাওলানা ছাদিকুর রহমান ২০ সেপ্টেম্বর থাইল্যান্ড সফরে থাকায় তার ছোটভাই মোঃ মিজানুর রহমান তপু ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় উপস্তিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে বিশ্বনাথ থানাসূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে বুধবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ছাদিকুর রহমানের বাসভবনের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে থাই-জানালার কাচ ভাঙচুর করে ফেরার সময় উচ্চ আওয়াজে গালিগালাজ ও ককটেল ফাটিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। মাওলানা ছাদিক খবর পেয়ে দেশের বাইরে থেকে তাৎক্ষণিক ঘটনাটি থানার অফিসার ইনচার্জ ও টহলরত পুলিশকে অবগত করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, একজন সম্মানিত নাগরিকের বাসভবনে হামলা খুবই দুঃখজনক। তদুপরি তিনি একজন শিক্ষক ও লেখক। এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আমাদের টিম তদন্ত করছে। সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছে। সেই মর্মে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন