সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেইট
জুলাই-আগস্টের গণআন্দোলনের ঐতিহাসিক তাৎপর্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে একটি প্রতীকী গেইট ‘জুলাই ৩৬ গেইট’। আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই গেইটের নির্মাণ ও উদ্বোধন নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও গৌরবজনক উদ্যোগ।
শুক্রবার (৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডা. মো. আলিমুল ইসলাম।
প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই গেইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফলক উন্মোচন, ফিতা কাটা এবং মুনাজাতের মধ্য দিয়ে স্মরণ করা হয় সেই আন্দোলনের বীর শহীদদের।
উপাচার্য বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনের ইতিহাস শুধু একটি নির্দিষ্ট সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়, এটি একটি চেতনার নাম-স্বাধীন মত প্রকাশের, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার, এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণজাগরণের। আমরা চাই নতুন প্রজন্ম জানুক, বুঝুক ও সেই চেতনায় উদ্বুদ্ধ হোক। এ কারণে জুলাই ৩৬ গেইট নির্মাণ একটি দায়িত্বশীল ও মূল্যবোধভিত্তিক পদক্ষেপ।’
জুলাই-আগস্টের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের স্মৃতি কেবল ফটকে নয়-স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার ও আগামী প্রজন্মের হৃদয়ে। সিলেট বিভাগে এটিই প্রথম কোনো প্রতিষ্ঠানিক উদ্যোগে নির্মিত ‘জুলাই ৩৬ গেইট’, যা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে ইতিহাসের ধারক ও বাহক হিসেবে নতুন মাত্রায় তুলে ধরেছে।
আন্দোলনের যে অগ্নিগর্ভ দিনগুলোর স্মৃতি আমরা প্রায়ই বিস্মৃত হই, ‘জুলাই ৩৬ গেইট’ আমাদের সেই ইতিহাস মনে করিয়ে দেবে বারবার-যেখানে আছে আত্মত্যাগ, আছে প্রতিবাদ, আছে নতুন ভোরের স্বপ্ন। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি ঘোষণা-সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর।


আপনার মতামত লিখুন